রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হতে পারে বলে সরকার আশা করছে।

রোববার (২৪ মে) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলাটি যে আদালতে বিচারাধীন রয়েছে, সেই আদালতের ছুটি বাতিলের বিষয়টি প্রধান বিচারপতি বিবেচনা করছেন। আইন মন্ত্রণালয়ও বিষয়টি দেখছে। তিনি বলেন, “সবকিছু মিলিয়ে আশা করছি, খুব সম্ভবত ৫ থেকে ৭ দিনের মধ্যে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার সম্পন্ন হবে। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে যা যা প্রয়োজন, তা করা হবে।”

তিনি বলেন, দেশে সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে এবং সমাজ সংস্কারের প্রয়োজন রয়েছে। কিছু অপসংস্কৃতির প্রভাব সমাজে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। ধর্ষণের ঘটনা এখন সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেপ্তারের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। গত তিন মাসে এ ধরনের প্রতিটি ঘটনায় আমরা অপরাধীদের গ্রেপ্তারে সফল হয়েছি।”

ভবিষ্যতেও এ ধরনের ঘৃণ্য অপরাধে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ সংযুক্তির বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ভবিষ্যতে ইস্যুকৃত পাসপোর্টে আগের মতোই ‘এক্সসেপ্ট ইসরায়েল’ লেখা থাকবে। এটি দেশের সাধারণ মানুষের প্রত্যাশা বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, “পাসপোর্টে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও মানুষের প্রতিনিধিত্ব থাকবে। সেখানে কোনো দলীয় চিন্তার প্রতিফলন থাকবে না।” পাশাপাশি ভবিষ্যতে দেশের মুদ্রায় বীরশ্রেষ্ঠদের ছবি সংযোজনের কথাও জানান তিনি। সংলাপে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ভারত সরকারের কাছে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে আগেই চিঠি পাঠানো হয়েছে। সরকার চায়, তিনি দেশে ফিরে আইনের মুখোমুখি হন।

গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, “সমাজের অগ্রগতির জন্য মুক্ত গণমাধ্যম প্রয়োজন। তবে সামাজিক শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রেখেই এই স্বাধীনতা ব্যবহার করতে হবে।”