ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি


শিমুল রেজা, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ৯:২১ অপরাহ্ণ
ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমার আওতায় সারাদেশে চারজন সাজাপ্রাপ্ত কয়েদির অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা জেলা কারাগারের এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদিকেও মুক্তি দেওয়া হয়েছে।

রোববার (২৪ মে) সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেলার মনির হোসেন। মুক্তিপ্রাপ্ত কয়েদির নাম আব্দুল মালেক। তিনি চুয়াডাঙ্গা শহরের বুজরুক গড়গড়ি মাদ্রাসাপাড়ার মৃত মোন্তাজ মালিতার ছেলে। কারা সূত্রে জানা গেছে, তার কয়েদি নম্বর ছিল ২৩০৫/এ।

কারাগার সূত্র জানায়, আব্দুল মালেক একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন। চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতে বিচারাধীন সেশন মামলা নম্বর ১০০/২০০৮ এবং চুয়াডাঙ্গা থানার ২০০৭ সালের একটি হত্যা মামলায় তাকে দণ্ড দেওয়া হয়।

তিনি দীর্ঘ ১১ বছর কারাভোগ করেছেন। রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার আওতায় তার অবশিষ্ট সাজা মওকুফের আদেশ ই-মেইলের মাধ্যমে রোববার বিকেলে চুয়াডাঙ্গা কারাগারে পৌঁছায়। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

মুক্তির সময় তার স্বজনরা কারা ফটকে উপস্থিত ছিলেন এবং আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে মুক্তিপ্রাপ্ত আব্দুল মালেককে একটি লুঙ্গি ও একটি পাঞ্জাবি দেওয়া হয়। এছাড়া কারাগার কর্তৃপক্ষ তার অনাদায়ী পাঁচ হাজার টাকা অর্থদণ্ড পরিশোধ করে এবং পুনর্বাসনের অংশ হিসেবে তাকে নগদ এক হাজার টাকা প্রদান করা হয়।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, রাষ্ট্রপতির বিশেষ ক্ষমার মাধ্যমে মানবিক বিবেচনায় ও সংশোধনের সুযোগ দেওয়ার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়ে থাকে।