আমির হামজাকে নিয়ে যা বললেন রাশেদ খান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ণ
আমির হামজাকে নিয়ে যা বললেন রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত মুহাম্মদ রাশেদ খান অভিযোগ করেছেন, জামায়াতের সাবেক সংসদ সদস্য আমির হামজার সাম্প্রতিক বক্তব্য তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে।

রোববার (২৪ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন। স্ট্যাটাসে রাশেদ খান দাবি করেন, ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যের মাধ্যমে তাকে “হত্যাযোগ্য” হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, এর আগেও আমির হামজা বিভিন্ন বক্তব্যে রাজনৈতিক ও ধর্মীয় বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন।

রাশেদ খান তার পোস্টে উল্লেখ করেন, “রাজনৈতিক ময়দান থেকে যদি আমির হামজা আমার বিরুদ্ধে কোনো বক্তব্য দিতেন, সেটিকে রাজনৈতিকভাবেই দেখতাম। কারণ রাজনৈতিক কর্মীরা এসব বক্তব্যকে রাজনৈতিক হিসেবেই নেয়।”

তবে ধর্মীয় আবেগকে ব্যবহার করে ওয়াজ মাহফিলে তার বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, “এটি আমার জীবনের জন্য হুমকি। তার বক্তব্যের পর উগ্রবাদী সমর্থক গোষ্ঠী আমার ওপর হামলা বা মব তৈরি করতে পারে বলে আশঙ্কা করছি।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে তার কোনো ধরনের ক্ষতি হলে এর দায় আমির হামজাকেই নিতে হবে। তবে এ বিষয়ে আমির হামজার কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। রাশেদ খানের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।