
জাতীয় সংসদ ভবনের ছাদে সৌরশক্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার দিকে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৪ মে) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, গণতন্ত্রের প্রতীক জাতীয় সংসদে সৌরশক্তি কার্যক্রমের সূচনা প্রমাণ করে যে দেশের নেতৃত্ব কেবল নীতিগত সিদ্ধান্তেই সীমাবদ্ধ নয়, বরং তা বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে ক্ষতিগ্রস্ত। এই পরিস্থিতিতে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই। তাই সৌরশক্তির মতো পরিচ্ছন্ন শক্তির ব্যবহার বাড়ানো সময়ের দাবি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সংসদ ভবনকে পরিবেশবান্ধব প্রযুক্তির আওতায় আনার এই উদ্যোগ দেশের জ্বালানি খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে জলবায়ু সংকট মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় জনগণকেও পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই উদ্যোগকে সরকার সবুজ জ্বালানির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে, যা ভবিষ্যতে দেশের অন্যান্য সরকারি স্থাপনাতেও বিস্তৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :