শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দিয়েছে পুলিশ। রোববার (২৪ মে) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই চার্জশিট দাখিল করেন।

মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে সোহেল রানাকে এবং অপরাধে সহযোগিতা ও আলামত গোপনের চেষ্টার অভিযোগে তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর স্থানীয়দের সহায়তায় স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে হাজির করা হলে সোহেল রানা রামিসাকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে সোহেল রানা জোরপূর্বক রামিসাকে নিজেদের ফ্ল্যাটে নিয়ে যান। সে সময় তার স্ত্রী ঘুমিয়ে ছিলেন। শিশুটি চিৎকার করার চেষ্টা করলে ওড়না দিয়ে মুখ বেঁধে বাথরুমে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। পরে শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, হত্যার পর আলামত নষ্ট ও মরদেহ গোপনের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে শিশুটির মাথা শরীর থেকে আলাদা করে একটি বালতিতে লুকিয়ে রাখা হয়েছিল।

রামিসাকে খুঁজতে গিয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা অভিযুক্তদের বাসার সামনে জড়ো হন। একপর্যায়ে দরজা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করলে সোহেল রানা জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান। অভিযোগ রয়েছে, এ সময় স্বপ্না আক্তার স্থানীয়দের ঘরে ঢুকতে বাধা দিয়ে স্বামীকে পালাতে সহায়তা করেন। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন।

নিহত রামিসা আক্তার রাজধানীর একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। এই নৃশংস ঘটনার পর শিশুটির বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। পুলিশ দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে আজ আদালতে এই চূড়ান্ত চার্জশিট জমা দিল।