
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে সীমান্তবর্তী অসহায় ও দুস্থ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
রবিবার সকাল থেকে শুরু হওয়া এ মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক নারী-পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয় এবং পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।
মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকার অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি নিয়মিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর রেজা, কামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আপনার মতামত লিখুন :