
সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত আসামি ও গণঅধিকার পরিষদের নেতা জাকারিয়া আহমদ স্বাধীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার জাকারিয়া আহমদ স্বাধীন শান্তিগঞ্জ উপজেলার আমদাবাজ গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২৩ মে) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ বাজার এলাকায় অভিযান চালায় থানা পুলিশ। শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউল্লাহ’র নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান, সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহীম আল সুমনসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ঢাকার চকবাজার থানায় দায়ের করা প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় জাকারিয়া আহমদ স্বাধীন পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলেও জানায় পুলিশ।
শান্তিগঞ্জ থানার ওসি অলিউল্লাহ বলেন, “প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জাকারিয়া আহমদ স্বাধীনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
আপনার মতামত লিখুন :