রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠল কিয়েভ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ১২:০৯ অপরাহ্ণ
রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠল কিয়েভ

ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্ভাব্য বড় হামলার সতর্কতার পরপরই রাজধানীজুড়ে একের পর এক বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (২৩ মে) রাতে রাশিয়া মধ্যপাল্লার ওরেসনিক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা শুরু করে। কিয়েভের সামরিক প্রশাসক তৈমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে দেওয়া বার্তায় বলেন, রাজধানী বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার মুখোমুখি হয়েছে এবং সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, শহরের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে একাধিক স্থানে ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন। এ হামলাকে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর আগে শুক্রবার (২২ মে) রাশিয়ার অধিকৃত ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের স্টারোব্লিসকে একটি কলেজে ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই ঘটনাকে “জঙ্গি হামলা” আখ্যা দিয়ে কঠোর প্রতিশোধের নির্দেশ দেন বলে দাবি করা হয়।

রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে বলা হয়, ওই হামলায় এখন পর্যন্ত ১৮ জন শিশুর মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অন্যদিকে ইউক্রেনের সেনাবাহিনী ওই হামলার অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা রাশিয়ার সামরিক অবকাঠামো লক্ষ্য করেই অভিযান পরিচালনা করে। তাদের দাবি, লুহানস্কের ওই এলাকায় রুশ বাহিনীর “রুবিকন” ইউনিটের সদর দপ্তরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে এবং অধিকৃত অঞ্চলে দূরপাল্লার হামলা বাড়িয়েছে। এরই পাল্টা প্রতিক্রিয়ায় কিয়েভে এ বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে বলে আশঙ্কা করা হচ্ছে।