রামিসা হত্যা মামলায় বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ
রামিসা হত্যা মামলায় বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন শনিবার (২৩ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮-এর সেকশন ৪৯২ অনুযায়ী ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন পল্লবী থানার মামলা নং-৩৫ (তারিখ: ২০/০৫/২০২৬) রাষ্ট্রপক্ষে পরিচালনার জন্য একজন আইনজীবীকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২)/৩০ ধারা এবং পেনাল কোডের ২০১ ধারায় দায়ের করা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আলোচিত এই মামলায় গত ১৯ মে সকালে রাজধানীর মিরপুরের পল্লবীর একটি বাসা থেকে সাত বছরের শিশু রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে একই বাসার বাথরুম থেকে তার খণ্ডিত মাথা উদ্ধার করা হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

এ ঘটনায় পল্লবী থানা-য় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের শুরুতে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে অভিযান চালিয়ে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। এরই মধ্যে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন সোহেল রানা। জবানবন্দিতে তিনি হত্যার দায় স্বীকার করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, শিশু রামিসা হত্যা মামলাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রসিকিউশন সমন্বিতভাবে কাজ করছে।