বোয়ালমারীতে বৈশাখী মেলার লাকি কুপন বিক্রি নিয়ে অনুমোদন প্রশ্নে বিতর্ক


ফরিদপুর ভ্রাম্যমান প্রতিনিধি, জাফর আলী প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ
বোয়ালমারীতে বৈশাখী মেলার লাকি কুপন বিক্রি নিয়ে অনুমোদন প্রশ্নে বিতর্ক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রকাশ্যে কাশিয়ানী উপজেলার একটি বৈশাখী মেলার লাকি কুপন বা লটারির টিকিট বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ২০ টাকা মূল্যের এসব কুপন বোয়ালমারীর বিভিন্ন এলাকায় বিক্রি হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যাসপুর বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় আয়োজিত বৈশাখী মেলার নামে এ লাকি কুপন চালু করা হয়েছে। যদিও ওই মেলার জন্য স্থানীয় প্রশাসনের অনুমোদন রয়েছে, তবে বোয়ালমারীতে এসব টিকিট বিক্রির বিষয়ে কোনো প্রশাসনিক অনুমোদন আছে কি না—তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

অভিযোগ অনুযায়ী, বোয়ালমারী উপজেলায় এ ধরনের লটারি বা কুপন বিক্রি করতে হলে স্থানীয় প্রশাসনের অনুমতি প্রয়োজন হলেও এ ক্ষেত্রে উপজেলা প্রশাসনের কোনো অনুমোদন নেওয়া হয়নি।

স্থানীয় সচেতন মহলের দাবি, অন্য উপজেলার মেলার লটারি বা কুপন এভাবে প্রচার ও বিক্রি করা হলে তা আইনগতভাবে বৈধ কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন। তারা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এ বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, প্রকাশ্যে টিকিট বিক্রি হলেও প্রশাসনের অনুমোদন সম্পর্কে তারা অবগত নন।

এদিকে বিষয়টি নিয়ে সাংবাদিকরা বোয়ালমারী উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না—এটাই এখন অপেক্ষার বিষয়।