বিশ্বকাপের নতুন পরিসংখ্যানে ব্রাজিলের শূন্য, আর্জেন্টিনার ছয়


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ৪:৪৮ অপরাহ্ণ
বিশ্বকাপের নতুন পরিসংখ্যানে ব্রাজিলের শূন্য, আর্জেন্টিনার ছয়

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই সপ্তাহ বাকি। এর আগেই শুরু হয়েছে পরিসংখ্যান আর আলোচনার লড়াই। বরাবরের মতো এবারও ফুটবল বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবার মাঠের পারফরম্যান্স নয়, আলোচনায় উঠে এসেছে কোচদের আধিপত্য।

আসন্ন বিশ্বকাপে অংশ নেওয়া ২৬টি দল ভিনদেশি কোচের ওপর নির্ভর করছে। এই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ছয়জন আর্জেন্টাইন কোচ বিভিন্ন দেশের দায়িত্বে আছেন।

নিজেদের জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি ছাড়াও আরও পাঁচ আর্জেন্টাইন কোচ অন্য দেশের দায়িত্ব পালন করছেন। তারা হলেন মরিসিও পচেত্তিনো (যুক্তরাষ্ট্র), মার্সেলো বিয়েলসা (উরুগুয়ে), গুস্তাভো আলফারো (প্যারাগুয়ে), সেবাস্তিয়ান বেকাসেসে (ইকুয়েডর) এবং নেস্তর লরেঞ্জো (কলম্বিয়া)।

অন্যদিকে ফুটবল ইতিহাসের অন্যতম সফল দেশ ব্রাজিল থেকে এবার একজন কোচও বিশ্বকাপে নেই। বরং পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবার খেলতে যাচ্ছে ইতালির কোচ কার্লো আনচেলত্তির অধীনে।

পরিসংখ্যান বলছে, কোচদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স। দেশটি থেকে অংশ নিচ্ছেন পাঁচজন কোচ। তাদের মধ্যে আছেন দিদিয়ের দেশম, রুডি গার্সিয়া (বেলজিয়াম), সাব্রি লামুশি (তিউনিসিয়া), সেবাস্তিয়ান দেসাব্রে (গণতান্ত্রিক কঙ্গো) এবং সেবাস্তিয়ান মিনিয়ে (হাইতি)।

তৃতীয় সর্বোচ্চ চারজন কোচ রয়েছে স্পেনের। তাদের মধ্যে আছেন লুইস দে লা ফুয়েন্তে, রবার্তো মার্তিনেজ (পর্তুগাল), হুলেন লোপেতেগি (কাতার) এবং থমাস ক্রিস্টিয়ানসেন (পানামা)। এদিকে ইতালি ও জার্মানি থেকে তিনজন করে কোচ দায়িত্ব পালন করছেন। ইতালি বিশ্বকাপে না খেললেও তাদের কোচদের কদর কমেনি। কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্বে আছেন, ফ্যাবিও ক্যানাভারো উজবেকিস্তানের কোচ এবং ভিনচেঞ্জো মন্তেলা তুরস্কের দায়িত্বে আছেন।

অন্যদিকে ২২টি দেশ নিজেদের দেশের কোচের ওপরই আস্থা রেখেছে। সেই তালিকায় রয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, স্পেন, জাপান, নেদারল্যান্ডস, মেক্সিকোসহ আরও অনেক দেশ।