বাগেরহাটে সৎ মায়ের বিরুদ্ধে শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ


জী এম, নূরুল হুদা বাগেরহাট প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ
বাগেরহাটে সৎ মায়ের বিরুদ্ধে শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মো. তালহা (৬) নামে এক শিশুকে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সৎ মা রুবাইয়া আক্তার (২৫)-কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার লখপুর গ্রামের এপিসি ফার্মাসিউটিক্যালসের পেছনের একটি ভাড়া বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, পানি ভর্তি একটি বালতির মধ্যে মাথা ডুবানো অবস্থায় তালহাকে দেখতে পান তারা। পরে দ্রুত তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তালহা লখপুর গ্রামের সৈকত হোসেন পাপ্পু ও মনিরা খানমের ছেলে। সে তার বাবা ও সৎ মা রুবাইয়ার সঙ্গে ওই ভাড়া বাসায় বসবাস করত। শিশুটির জন্মদাতা মা মনিরা খানম বর্তমানে অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে আলাদা থাকেন।

ঘটনার পর তালহার মা মনিরা খানম অভিযোগ করে বলেন, “ফোনে ছেলের অসুস্থতার খবর পেয়ে এখানে আসি। এসে শুনি আমার ছেলে বালতির পানিতে ডুবে মারা গেছে। কিন্তু বালতিতে সামান্য পানি ছিল। আমার ছেলে এত বড়, সে এভাবে পানিতে ডুবে মারা যাওয়ার কথা নয়। আমার ধারণা, তার সৎ মা তাকে হত্যা করেছে।”

এ বিষয়ে হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির সৎ মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়দের মধ্যেও ঘটনাটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।