প্রবীণ ও প্রতিবন্ধীদের ট্রেন ভাড়ায় ২৫% ছাড়ের ঘোষণা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ
প্রবীণ ও প্রতিবন্ধীদের ট্রেন ভাড়ায় ২৫% ছাড়ের ঘোষণা

প্রবীণ নাগরিক ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে। আগামীকাল সোমবার (২৫ মে) থেকে এ নতুন সুবিধা কার্যকর হবে।

রোববার (২৪ মে) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্দেশনা অনুযায়ী, যাত্রীবান্ধব রেলসেবা আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন নিয়মে প্রবীণ যাত্রীদের বয়স অবশ্যই ৬৫ বছর বা তার বেশি হতে হবে। অনলাইনে টিকিট কাটার সময় জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী বয়স স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে। এ ক্ষেত্রে শুধুমাত্র মূল ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় প্রযোজ্য হবে। তবে সার্ভিস চার্জ, ভ্যাটসহ অন্যান্য খরচ আগের নিয়মেই বহাল থাকবে।

এই সুবিধা অনলাইন ও কাউন্টার—উভয় মাধ্যমেই পাওয়া যাবে। অনলাইনে টিকিট কাটার জন্য যাত্রীকে বাংলাদেশ রেলওয়ের ই-টিকিটিং প্ল্যাটফর্ম ‘রেলসেবা’ অ্যাপে নিবন্ধিত থাকতে হবে। একজন প্রবীণ যাত্রী সপ্তাহে সর্বোচ্চ দুইবার এ ছাড় সুবিধা পাবেন। টিকিট বাতিল করলে সেই যাত্রা সাপ্তাহিক হিসাব থেকে বাদ যাবে এবং একই সপ্তাহে পুনরায় ছাড় পাওয়ার সুযোগ থাকবে।

সহযাত্রী নিয়ে টিকিট কাটার ক্ষেত্রে সহযাত্রীর জন্য স্বাভাবিক ভাড়া প্রযোজ্য হবে। তবে সহযাত্রী নিজেও প্রবীণ হলে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ছাড় সুবিধা পাওয়া যাবে।

প্রতিবন্ধী যাত্রীদের ক্ষেত্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারীরা এ সুবিধার আওতায় থাকবেন। আন্তঃনগর ট্রেনের সুলভ ও শোভন শ্রেণিতে বিদ্যমান ৫০ শতাংশ ছাড় বহাল থাকবে। পাশাপাশি সব শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) শ্রেণিতে নতুন করে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। তবে আপাতত এ সুবিধা শুধুমাত্র স্টেশন কাউন্টার থেকে টিকিট কাটার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ভবিষ্যতে অনলাইনেও এটি চালুর পরিকল্পনা রয়েছে।

রেলপথ মন্ত্রণালয় আরও জানিয়েছে, শিক্ষার্থীদের জন্যও ভবিষ্যতে ছাড় সুবিধা চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। সরকারের মতে, এই উদ্যোগ রেল পরিবহনকে আরও জনবান্ধব ও সুবিধাভোগীদের জন্য সহজলভ্য করার একটি অংশ।