পীরগঞ্জে কৃষক হত্যা ও ট্রান্সফরমার চুরি মামলায় ৭ সদস্য গ্রেফতার


রংপুর ভ্রাম্যমাণ প্রতিনিধি, আব্দুল্লাহীল কাফী প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ণ
পীরগঞ্জে কৃষক হত্যা ও ট্রান্সফরমার চুরি মামলায় ৭ সদস্য গ্রেফতার

রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের বড় উমরপুর গ্রামের আলোচিত কৃষক হত্যা ও বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির মামলার আসামিদের গ্রেফতার করেছে পুলিশ। পীরগঞ্জ থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রংপুর জেলা পুলিশ জানায়, আন্তঃজেলা ডাকাতচক্রের মূল সদস্যসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে চুরির কাজে ব্যবহৃত যানবাহন, বিভিন্ন যন্ত্রপাতি এবং ট্রান্সফরমারের তামার কয়েল।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ মে সংঘটিত কৃষক মফিজার রহমান হত্যা মামলার তদন্তে মাঠে নামে ডিবি ও থানা পুলিশের একটি বিশেষ টিম। পুলিশ সুপার মো. মোজাম্মেল হকের তত্ত্বাবধানে ২৩ ও ২৪ মে রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট ও বগুড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— জামিরুল ইসলাম, আব্দুল জলিল, সব্দুল আকন্দ ওরফে শামীম, আব্দুল ওযাহাব ওরফে শফিকুল, নুরুল আমিন, আনিছুর রহমান ও আমিরুল ইসলাম সর্দার।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা কৃষক মফিজার রহমানকে হত্যা করে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি নোহা মাইক্রোবাস, একটি সিএনজি, ট্রান্সফরমার কাটার সরঞ্জাম এবং তিনটি ট্রান্সফরমার থেকে খুলে নেওয়া তামার কয়েল উদ্ধার করা হয়েছে।

পীরগঞ্জ থানা পুলিশের মিডিয়া সেল জানায়, তদন্তের মাধ্যমে পুরো ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।