
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী শাটল ট্রেনে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৪ জন নিহত এবং ৮২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
রোববার (২৪ মে) সকালে কোয়েটার চামান ফাটকের কাছে এ ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া পুলিশ সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, “জাফর এক্সপ্রেস” নামের ওই ট্রেনটি ঈদের ছুটিতে যাত্রী পরিবহনের জন্য কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে যাত্রা শুরু করেছিল। সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটের দিকে চামান ফাটকের কাছে পৌঁছালে ট্রেনটিকে লক্ষ্য করে শক্তিশালী বিস্ফোরণ ঘটানো হয়।
বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের ইঞ্জিনসহ অন্তত তিনটি বগি লাইনচ্যুত হয় এবং দুটি বগিতে আগুন ধরে যায়। এতে কয়েকটি বগি উল্টে পড়ে ও আশপাশের যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে ৫৭ জনকে একটি সামরিক হাসপাতালে এবং আরও ২৫ জনকে কোয়েটার সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাকিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিপি জানিয়েছে, রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও একটি ত্রাণ ট্রেন পাঠিয়েছে। পুরো এলাকা ঘিরে রেখে নিরাপত্তা বাহিনী উদ্ধার ও তল্লাশি অভিযান চালাচ্ছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, প্রায় ৭০ কেজির বেশি বিস্ফোরক ব্যবহার করে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হতে পারে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট ধরন এবং এর পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা পরিস্থিতি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
আপনার মতামত লিখুন :