পাঁচ বছরের মেয়েকে ২২ তলা থেকে ছুঁড়ে ফেললেন ভারতীয় নারী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
পাঁচ বছরের মেয়েকে ২২ তলা থেকে ছুঁড়ে ফেললেন ভারতীয় নারী

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক মর্মান্তিক ঘটনায় নিজের পাঁচ বছর বয়সী মেয়েকে ২২ তলা থেকে ফেলে দিয়ে নিজেও ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন এক ভারতীয় নারী।

শনিবার (২৩ মে) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত বুধবার আল-নাদহা এলাকার একটি উঁচু ভবন থেকে ওই মা ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও ভবনের স্টাফদের বরাতে জানা যায়, ৩৫ বছর বয়সী ওই নারী প্রথমে তার শিশুকন্যাকে ভবনের একটি উঁচু তলা থেকে নিচে ফেলে দেন। পরে তিনি নিজেও লাফ দেন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানায়, ৩২ তলা ভবনটির প্রথম ছয় তলায় পার্কিং ও জিমনেসিয়াম রয়েছে। এরপর আবাসিক অংশ শুরু হয়। ঘটনার সময় ওই নারী ভবনের প্রায় ১৫তম তলার বারান্দা থেকে এ ঘটনা ঘটান বলে ধারণা করা হচ্ছে।

ভবনের এক নিরাপত্তারক্ষী জানান, বিকট শব্দ শুনে তারা বাইরে গিয়ে শিশুটি ও নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। শিশুটির মরদেহ সড়কে এবং মায়ের মরদেহ ফুটপাথে পাওয়া যায়। পরে পুলিশ ও অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয় এবং পুরো ভবনটি সাময়িকভাবে ঘিরে রাখা হয়।

জানা গেছে, নিহত নারীর স্বামী দুবাইয়ে কর্মরত ছিলেন। ঘটনার একদিন আগে দম্পতির মধ্যে পারিবারিক ঝগড়া হয়। ওই সময় পুলিশও ঘটনাস্থলে গিয়েছিল বলে জানা যায়। স্বামী নিরাপত্তারক্ষীদের জানিয়েছেন, তার স্ত্রী মানসিক সমস্যায় ভুগছিলেন। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।