নর্থ ফুড ভরসা ও আশ-সিফা প্রতিষ্ঠানের দুই লক্ষ টাকা জরিমানা  


বগুড়া জেলা প্রতিনিধি,তাহেরা জামান লিপি প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
নর্থ ফুড ভরসা ও আশ-সিফা প্রতিষ্ঠানের দুই লক্ষ টাকা জরিমানা  

বগুড়া শহরের কলোনী বাজার এলাকার লতিফপুরে অনুমোদন ছাড়াই প্রসাধনী ও বিভিন্ন পণ্য উৎপাদন এবং নকল ব্র্যান্ডের পণ্য বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

রবিবার (২৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে মন্ডল হাউজের তৃতীয় তলায় পরিচালিত একটি অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকালে দেখা যায়, ফিরোজ কবির নামের এক ব্যক্তি সরকারি বা প্রাতিষ্ঠানিক কোনো অনুমোদন ছাড়াই “ভরসা বাজার”, “নর্থ ফুড” ও “আশ-শিফা” নামে তিনটি অনলাইন পেজ পরিচালনা করে বিভিন্ন ধরনের ক্রিম, কসমেটিকস, আয়ুর্বেদিক ওষুধ ও লিপবাম তৈরি ও বিক্রি করে আসছিলেন।

অভিযানে আরও জানা যায়, জনপ্রিয় ব্র্যান্ড “আশ-শিফা”র ব্যথানাশক তেলের আদলে “আশ-শিফা প্লাস” নামে নকল পণ্য তৈরি করা হচ্ছিল। এসব পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটির কোনো বিএসটিআই অনুমোদন কিংবা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের নিবন্ধন ছিল না।

এছাড়াও স্থানীয় বাজার থেকে বিভিন্ন ক্রিম সংগ্রহ করে নিজস্ব লেবেল লাগিয়ে সেগুলোকে অথেনটিক পণ্য হিসেবে বিক্রি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণার প্রমাণ পাওয়া যায়।

এসব অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নকল “আশ-শিফা প্লাস” তেল জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় সরকারি অনুমোদন নিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান। সহযোগিতা করেন ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া। অভিযানে সার্বিক সহায়তায় ছিল র‌্যাব-১২ ও জেলা পুলিশের দুটি টিম।