‘দেশের মানুষ এখন সবকিছু বোঝেন-জানেন, আমরা ভুল করলেও মানুষ ক্ষমা করবে না’


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ
‘দেশের মানুষ এখন সবকিছু বোঝেন-জানেন, আমরা ভুল করলেও মানুষ ক্ষমা করবে না’

দেশের মানুষ এখন আর আগের মতো সহজ-সরল নেই, তারা সবকিছু বোঝেন ও জানেন এবং ভুল করলে কাউকে সহজে ক্ষমা করেন না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৩ মে) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “দেশের মানুষ এখন আর আগের মতো সহজ-সরল নেই। তারা সবকিছু বোঝেন। আমরা ভুল করলে তারাও আমাদের ক্ষমা করবেন না।”

আইইবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মির্জা ফখরুল নতুন বাংলাদেশ গড়তে প্রকৌশলীদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি বলেন, “আমাদের যে ছেলেরা রক্ত ও প্রাণ দিয়ে নতুন বাংলাদেশের সুযোগ সৃষ্টি করে দিয়েছে, তাদের সেই রক্তের ধারাকে আমরা যেন কখনো ম্লান হতে না দিই। আমাদের কারণে তা যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমরা পুরোনো ঘুণে ধরা বাংলাদেশ আর দেখতে চাই না।”

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল আরও বলেন, দেশের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে সততা, জবাবদিহি ও দূরদর্শী পরিকল্পনা জরুরি। তিনি অতীতের কিছু অনিয়মের প্রসঙ্গ তুলে ধরে প্রকৌশলীদের এসব বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে আইইবি প্রেসিডেন্ট ও রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত প্রকৌশলী-সাংসদসহ বিভিন্ন ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া গবেষণা ও প্রশিক্ষণে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রকৌশলী ড. মোহাম্মদ আব্দুল বাকী-কেও সম্মাননা জানানো হয়।