টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ শিক্ষার্থীর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ শিক্ষার্থীর

টাঙ্গাইলের বাসাইলে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার (২৪ মে) দুপুরে টাঙ্গাইল-বাসাইল সড়কের বাংড়া কালিঘর এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৪), একই এলাকার শওকত আলীর ছেলে লিমন (১৩) এবং সোলায়মানের ছেলে সায়মন (১৪)। তারা সবাই করটিয়া এইচ এম ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসাইল থেকে টাঙ্গাইলগামী একটি বেপরোয়া গতির সিএনজি অটোরিকশা বাংড়া কালিঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা শিক্ষার্থীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকবির মিয়া ঘটনাস্থলেই মারা যায় এবং সায়মনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিক্ষার্থীদের পরিবার ও সহপাঠীদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা সড়কে বেপরোয়া যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থার কঠোর নজরদারির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়।