জীবনকে ভালোবাসুন, ফিট থাকুন: জাইমা রহমান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ
জীবনকে ভালোবাসুন, ফিট থাকুন: জাইমা রহমান

‘জীবনকে ভালোবাসুন, ফিট থাকুন’—এই বার্তা দিয়ে যুবসমাজকে সুস্থ জীবনধারার প্রতি উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছেন জাইমা রহমান। শনিবার রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটার-এ অনুষ্ঠিত আন্তর্জাতিক হাফ ম্যারাথনের ‘ওয়ান রান’ সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

জাইমা রহমান বলেন, বান্দরবান, কক্সবাজার কিংবা চট্টগ্রামের মতো মনোরম জায়গায় আয়োজিত এ ধরনের ক্রীড়া আয়োজন সাধারণ মানুষকে সুস্থ ও ফিট থাকতে দারুণভাবে অনুপ্রাণিত করছে। তিনি মনে করেন, নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নয়, মানসিক শক্তিও বৃদ্ধি করে।

ভবিষ্যতে নিজেও এমন আন্তর্জাতিক মানের আয়োজনে অংশ নিয়ে সবার সঙ্গে ট্র্যাকে দৌড়ানোর আগ্রহ প্রকাশ করেন তিনি। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে নারী-পুরুষ নির্বিশেষে সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে জাইমা রহমান বলেন, সমাজের সবাইকে পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। তাহলেই ইতিবাচক পরিবর্তন সম্ভব হবে।

অনুষ্ঠানে উপস্থিত ৭৪ বছর বয়সী এক ম্যারাথন অ্যাম্বাসেডরের অনুপ্রেরণাদায়ক জীবনের গল্প তুলে ধরে তিনি তরুণদের অলসতা ভেঙে মাঠমুখী হওয়ার আহ্বান জানান। তার মতে, বয়স কোনো বাধা নয়—ইচ্ছাশক্তি ও নিয়মিত চর্চাই একজন মানুষকে প্রাণবন্ত ও কর্মক্ষম রাখে। আন্তর্জাতিক মানের এই হাফ ম্যারাথন সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট আয়োজক, স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারী অ্যাথলেটদের ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, এবারের আন্তর্জাতিক হাফ ম্যারাথনে ১, ৫, ১০ এবং ২১ দশমিক ১ কিলোমিটার—এই চারটি বিভাগে দেশি-বিদেশি অ্যাথলেটরা অংশ নেন। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন দেশে ক্রীড়া ও ফিটনেস সংস্কৃতির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখছে।