
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় চেতনার প্রতীক এবং জাতীয়তাবাদের পথিকৃৎ।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী লিখেন, বাংলাদেশের জনগণের পরম প্রিয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে তাঁর চির-অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন। তিনি কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
পোস্টে প্রধানমন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় নাম। পরাধীন ও নিপীড়িত জাতিকে জাগিয়ে তোলার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল আলোকবর্তিকার মতো। তিনি বলেন, সেই সময় জাতিকে সচেতন ও আত্মপ্রত্যয়ী করে তুলতে যে প্রতিভার প্রয়োজন ছিল, নজরুল ছিলেন সেই অনন্য ব্যক্তিত্ব।
তিনি আরও বলেন, নজরুলের পুরো জীবন ছিল অন্যায়, অবিচার, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক নিরন্তর সংগ্রাম। মানবতা, স্বাধীনতা ও শোষণমুক্ত সমাজ গঠনে তাঁর অবদান বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, নজরুল ছিলেন উপমহাদেশে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রথম দিককার কণ্ঠস্বরদের একজন, যিনি পূর্ণ স্বাধীনতার দাবি তুলেছিলেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের প্রতি তাঁর ভালোবাসা ছিল তুলনাহীন।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণআন্দোলনে নজরুলের কবিতা ও গান অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছে। তাঁর সৃষ্টিশীলতা আজও প্রতিবাদ ও প্রতিরোধের শক্তিশালী ভাষা হিসেবে মানুষের মাঝে বেঁচে আছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নজরুলের প্রাসঙ্গিকতা কখনো শেষ হওয়ার নয়। তিনি আমাদের জাতীয় সত্তার অবিচ্ছেদ্য অংশ এবং জাতীয় চেতনার অনিবার্য প্রতীক।
আপনার মতামত লিখুন :