এনায়েতপুর বেড়িবাঁধে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল: ভাসমান দোকানে পর্যটকদের ভোগান্তি


এনায়েতপুর প্রতিনিধি, ইছাহাক হোসেন প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ
এনায়েতপুর বেড়িবাঁধে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল: ভাসমান দোকানে পর্যটকদের ভোগান্তি

সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গা দখল করে গড়ে উঠেছে অসংখ্য ভাসমান ও অস্থায়ী দোকান। বিশেষ করে বেড়িবাঁধের ব্রিজ অংশে এসব অবৈধ দোকান বসায় পর্যটক ও সাধারণ দর্শনার্থীদের চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দিন দিন দোকানের সংখ্যা বাড়তে থাকায় বেড়িবাঁধের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং একইসঙ্গে পরিবেশ দূষণের ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। নদীতীরবর্তী এই এলাকা দীর্ঘদিন ধরে বিনোদন ও ঘোরাঘুরির জন্য জনপ্রিয় হলেও বর্তমানে অনিয়ন্ত্রিত ব্যবসায়িক স্থাপনার কারণে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে।

ঘুরতে আসা দর্শনার্থী আব্দুল কাদের জানান, আগে এনায়েতপুরের নদীর পাড় ও বেড়িবাঁধ ছিল শান্ত ও মনোরম পরিবেশের জায়গা। কিন্তু এখন যত্রতত্র দোকান বসার কারণে স্বাভাবিক পরিবেশ আর নেই। একই অভিযোগ করেন ঈদের ছুটিতে ঘুরতে আসা কলেজ শিক্ষার্থী সালমান মুক্তাদিরও। তিনি বলেন, পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরতে এসে আগের মতো স্বস্তিদায়ক পরিবেশ আর পাওয়া যাচ্ছে না।

পর্যটকদের দাবি, নদীর পাড়ে হাঁটার জায়গা সংকুচিত হয়ে গেছে। ফলে স্বাচ্ছন্দ্যে চলাফেরা, ছবি তোলা কিংবা সময় কাটানো কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি দোকানগুলোর বর্জ্য ও ময়লা-আবর্জনা নদীর পরিবেশকেও ক্ষতিগ্রস্ত করছে।

ভুক্তভোগীরা জানান, সরকারি সম্পত্তি হওয়া সত্ত্বেও পাউবোর জায়গায় অবৈধভাবে দোকান বসানো হচ্ছে। এতে সাধারণ মানুষের চলাচলের পথ বন্ধ হয়ে যাচ্ছে এবং বেড়িবাঁধের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে। দ্রুত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পর্যটনবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা।

সচেতন মহলের মতে, পরিকল্পিত উদ্যোগ নেওয়া হলে এনায়েতপুরের এই নদীতীরবর্তী এলাকা একটি আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে। তবে অবৈধ দখল ও অপরিকল্পিত ব্যবসা স্থাপনার কারণে এর সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে। তাই দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে জায়গা দখলমুক্ত করে পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।