
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারে থাকা চারজন কয়েদির অবশিষ্ট সাজা মওকুফ করে তাদের মুক্তির নির্দেশ দিয়েছে সরকার। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের পর শিগগিরই সংশ্লিষ্ট কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
রোববার (২৪ মে) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন ও মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ।
মুক্তির আদেশ পাওয়া কয়েদিরা হলেন— খুলনা জেলা কারাগারের মো. ইসলাম শেখ, ফরিদপুর জেলা কারাগারের নাঈম শিকদার, চুয়াডাঙ্গা জেলা কারাগারের আব্দুল মালেক এবং রাঙামাটি জেলা কারাগারের পলাশ বড়ুয়া।
কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষে মানবিক ও বিশেষ বিবেচনায় কিছু বন্দির সাজা মওকুফের সিদ্ধান্ত নেয় সরকার। সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই এই চার বন্দির অবশিষ্ট দণ্ড মওকুফ করা হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। প্রজ্ঞাপন অনুযায়ী সংশ্লিষ্ট কারাগারগুলোতে নির্দেশনা পাঠানো হয়েছে এবং মুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে।
কারা কর্তৃপক্ষ বলছে, ঈদকে সামনে রেখে মানবিক দিক বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, যাতে নির্দিষ্ট শর্ত পূরণকারী বন্দিরা পরিবারে ফিরে উৎসব উদযাপন করতে পারেন।
আপনার মতামত লিখুন :