ঈদুল আজহার ছুটি কমিয়ে দিলেন শুভেন্দু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
ঈদুল আজহার ছুটি কমিয়ে দিলেন শুভেন্দু

পশ্চিমবঙ্গে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি কমিয়ে দুই দিন থেকে এক দিন করা হয়েছে। একই সঙ্গে চাঁদ দেখার ভিত্তিতে ছুটির তারিখেও পরিবর্তন আনা হয়েছে বলে নতুন এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর নবান্ন থেকে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে ঘোষিত ছুটির সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এতে ঈদের ছুটি দুই দিনের পরিবর্তে একদিন নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদুল আজহা উদযাপনের তারিখ পরিবর্তিত হওয়ায় সরকারি ছুটির দিনও সংশোধন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ মে (বৃহস্পতিবার) একদিনই সরকারি ছুটি থাকবে। এর ফলে আগে ঘোষিত ২৬ ও ২৭ মে’র ছুটি বাতিল করা হয়েছে এবং ওই দুই দিনকে স্বাভাবিক কর্মদিবস হিসেবে গণ্য করা হবে।

রাজ্য সরকারের সহকারী মুখ্যসচিব পিকে মিশ্র স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত বছরের ২৭ নভেম্বর জারি করা ছুটির তালিকায় ২০২৬ সালের ২৬ ও ২৭ মে ঈদুল আজহা উপলক্ষে ছুটি নির্ধারিত ছিল। তবে নতুন সিদ্ধান্তে তা পরিবর্তন করা হয়েছে। এদিকে বিষয়টি নিয়ে প্রশাসনিক পর্যায়ে আলোচনার সৃষ্টি হয়েছে। ঈদ উপলক্ষে ছুটির সময় কমিয়ে আনার সিদ্ধান্তে সরকারি কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

তবে রাজ্য সরকার বলছে, ধর্মীয় উৎসবের তারিখ পরিবর্তনের কারণে ছুটির পুনর্বিন্যাস করা হয়েছে এবং প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের তারিখ পরিবর্তন হওয়ায় সরকারি ছুটির সময়সূচিতে এমন সংশোধন সাধারণ বিষয়।