পাতারহাট লঞ্চঘাটে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার


মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি, বিএম নাঈম মাহমুদ  প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
পাতারহাট লঞ্চঘাটে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার বিকেলে পাতারহাট লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে।আটকরা হলেন পৌরসভার বদরপুর গ্রামের আলম খান (৩৭) এবং ধুলিয়া মধ্যেরচর এলাকার শাকিল রাড়ী (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, আলীমাবাদ এলাকা থেকে ট্রলারযোগে গাঁজা নিয়ে পাতারহাটের উদ্দেশ্যে রওনা দেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই লঞ্চঘাট এলাকায় অবস্থান নেয় পুলিশ। পরে বিকেল সাড়ে ৫টার দিকে ট্রলার থেকে নেমে দুইটি ব্যাগ নিয়ে নামার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। ব্যাগ তল্লাশিতে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন। এসময় ওসি (তদন্ত) মতিউর রহমান এবং সেকেন্ড অফিসার মনিবুর রহমান সুজন উপস্থিত ছিলেন।

পুলিশ জানিয়েছে, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।