জানা গেল মার্তিনেজের চোটের অবস্থা, বিশ্বকাপে কি খেলতে পারবেন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
জানা গেল মার্তিনেজের চোটের অবস্থা, বিশ্বকাপে কি খেলতে পারবেন

আর্জেন্টিনা জাতীয় দলের তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ডান হাতের রিং ফিঙ্গারে ছোট একটি ফ্র্যাকচারে আক্রান্ত হয়েছেন। তবে চিকিৎসকদের মতে, বড় কোনো জটিলতা না থাকায় তিনি অল্প সময়ের মধ্যেই মাঠে ফিরতে পারবেন এবং ২০২৬ বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগ ফাইনালের আগে ফ্রাইবুর্গের বিপক্ষে ম্যাচের ওয়ার্ম-আপ চলাকালে এই চোট পান মার্তিনেজ। চোট সত্ত্বেও তিনি পুরো ম্যাচ খেলেন এবং তার দল ৩-০ গোলের জয় নিয়ে শিরোপা জেতে।

ম্যাচ শেষে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্তিনেজ বলেন, “ওয়ার্ম-আপেই আমার আঙুল ভেঙেছে। তবে জীবনে সবকিছুরই ইতিবাচক দিক থাকে। আমি সবসময় এমন পরিস্থিতির সঙ্গে লড়াই করেছি।” পরবর্তীতে করা মেডিকেল পরীক্ষায় তার আঙুলে ছোট ফ্র্যাকচার ধরা পড়ে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার অস্ত্রোপচারের প্রয়োজন হবে না এবং আনুমানিক ২০ দিনের মধ্যেই তিনি মাঠে ফিরতে পারবেন।

গত কয়েক বছরে আর্জেন্টিনা জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে উঠেছেন মার্তিনেজ। বিশেষ করে ২০২২ বিশ্বকাপে তার অসাধারণ পারফরম্যান্স আর্জেন্টিনার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তার চোট নিয়ে সাময়িক উদ্বেগ তৈরি হলেও কোচিং স্টাফ আশাবাদী, বড় কোনো ঝুঁকি ছাড়াই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন।

চোটের কারণে আসন্ন দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তাকে বিশ্রামে রাখা হতে পারে। আগামী ৬ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে এবং ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ১৬ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে লিওনেল স্কালোনির দল।