আর্জেন্টিনা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল: স্পিকার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
আর্জেন্টিনা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল: স্পিকার

আর্জেন্টিনা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ফুটবল দল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্যও কামনা করেন তিনি।

শনিবার (২৩ মে) দুপুরে যশোরের হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে আয়োজিত ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার বলেন, “যখন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোস এখানে বক্তব্য দেন, তখন দেখি সবাই হাততালি দিচ্ছেন। এটাই প্রমাণ করে আর্জেন্টিনা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল। আমরা আসন্ন বিশ্বকাপে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।”

তিনি আরও বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখা জরুরি। তাঁর মতে, বিগত দুই দশকে ক্রীড়াঙ্গন অনেকাংশে রাজনৈতিক প্রভাবের মধ্যে ছিল, যার ফলে প্রকৃত ক্রীড়ামোদীদের অংশগ্রহণ কমে গেছে। স্পিকার বলেন, আগে ক্রীড়ামোদীরা খেলাধুলায় কিছু দেওয়ার জন্য আসতেন, কিন্তু এখন অনেকেই নিতে আসেন। ক্রীড়াঙ্গনে ব্যবসায়ী ও রাজনৈতিক প্রভাব বেড়ে যাওয়ায় প্রকৃত ক্রীড়া সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

দিনব্যাপী এই আয়োজনে খুলনা ও রাজশাহী বিভাগের প্রায় ৮০০ ক্ষুদে ফুটবলারের অংশগ্রহণে হামিদপুর এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ফুটবল দক্ষতা ও আগ্রহও প্রশংসিত হয়। স্পিকার বলেন, “যশোরে এসে ছোট বাচ্চাদের দেখে আমি আমার তারুণ্যের দিনগুলোতে ফিরে গিয়েছি। যশোর আমার প্রিয় শহর। এখানে আমি সেনানিবাসে দায়িত্ব পালন করেছি এবং আড়াই বছর চাকরি করেছি।”

তিনি আরও জানান, স্থানীয় ক্রীড়া উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালও উপস্থিত ছিলেন। তিনি জানান, দেশের গ্রাসরুট ফুটবল উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি আর্জেন্টিনা থেকে কোচ আনার পরিকল্পনা এবং ভালো খেলোয়াড়দের বিদেশে প্রশিক্ষণে পাঠানোর বিষয়ও বিবেচনায় রয়েছে।

অনুষ্ঠানে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোস একাডেমির সুবিধা ও শিশুদের অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ থেকেই ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলে নতুন প্রতিভার উত্থান ঘটবে।