সৌদিতে পৌঁছেছেন ৭৭ হাজারের বেশি হজযাত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ
সৌদিতে পৌঁছেছেন ৭৭ হাজারের বেশি হজযাত্রী

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১৯৯টি ফ্লাইটে মোট ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্য দিয়ে এবারের প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২২ মে) মক্কা থেকে বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

হজ অফিস সূত্রে জানা গেছে, সৌদি আরবে পৌঁছানো মোট হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭২ হাজার ৯৬৮ জন। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছিল। এর মধ্যে সরকারি কোটা ছিল ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি কোটা ছিল ৭৩ হাজার ৯৩৫ জন।

এবার হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি সৌদি আরবের দুটি বিদেশি এয়ারলাইন্স অংশ নেয়। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ৯৮টি ফ্লাইটে ৩৮ হাজার ৭০২ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এছাড়া সৌদিয়া এয়ারলাইন্স-এর ৭৩টি ফ্লাইটে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাস-এর ২৮টি ফ্লাইটে ১১ হাজার ৩৯০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

হজ কার্যক্রম পরিচালনায় এ বছর মোট ৬৬০টি এজেন্সি কাজ করছে। এর মধ্যে ৩০টি প্রধান এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে। এর আগে গত ১৭ এপ্রিল রাতে ৪১৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করে। সৌদি আরবের সর্বশেষ হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত সৌদিতে ২১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ৬ জন নারী। তাদের মধ্যে ১৪ জন মক্কায় এবং ৭ জন মদিনায় মৃত্যুবরণ করেন।

অন্যদিকে হজযাত্রীদের চিকিৎসা সেবায় নিয়োজিত সৌদি মেডিকেল টিম শুক্রবার পর্যন্ত ৪৩ হাজার ৪৪০ জন বাংলাদেশিকে চিকিৎসা সহায়তা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২০ হাজার ২৮৮ জন হজযাত্রী ডিজিটাল ও তথ্যগত সহায়তা পেয়েছেন। আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে জেদ্দা থেকে ঢাকাগামী ফিরতি হজ ফ্লাইট শুরু হবে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।