রোববার থেকে ঈদের বিশেষ ট্রেন, জেনে নিন সময়সূচি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
রোববার থেকে ঈদের বিশেষ ট্রেন, জেনে নিন সময়সূচি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা আরও স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে আগামীকাল রোববার (২৪ মে) থেকে ১০টি বিশেষ ঈদ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদের আগে ও পরে বিভিন্ন রুটে এসব ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

এর আগে গত ১৩ মে থেকে টানা পাঁচ দিন ঈদযাত্রার নিয়মিত ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি সম্পন্ন করে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি বিশেষ ট্রেনগুলোর টিকিটও শতভাগ অনলাইনের মাধ্যমে অগ্রিম সংগ্রহ করেছেন যাত্রীরা।

রেলওয়ের প্রকাশিত সূচি অনুযায়ী, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলবে ‘চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২’। ট্রেন দুটি ঈদের আগে ২৫ থেকে ২৭ মে এবং ঈদের পরে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত চলাচল করবে। চাঁদপুর ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম থেকে বিকেল সাড়ে ৩টায় ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে চাঁদপুর পৌঁছাবে। অপরদিকে চাঁদপুর ঈদ স্পেশাল-২ চাঁদপুর থেকে ভোর ৪টায় ছেড়ে সকাল ৮টা ৫০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে।

উত্তরাঞ্চলের যাত্রীদের সুবিধার্থে জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে চালানো হবে ‘পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০’। ঈদের আগে ২৪ থেকে ২৬ মে এবং ঈদের পরে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত ট্রেন দুটি চলবে। বিভিন্ন সময়সূচিতে ট্রেনগুলো জয়দেবপুর ও পার্বতীপুরের মধ্যে যাত্রী পরিবহন করবে।

এছাড়া ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে চলবে ‘তিস্তা ঈদ স্পেশাল-৩ ও ৪’। ট্রেন দুটি ঈদের আগে ২৫ থেকে ২৭ মে এবং ঈদের পরে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত চলাচল করবে। তিস্তা ঈদ স্পেশাল-৩ ঢাকা থেকে সকাল সাড়ে ৯টায় ছেড়ে বিকেল ৪টা ১০ মিনিটে দেওয়ানগঞ্জ পৌঁছাবে। ফিরতি ট্রেন তিস্তা ঈদ স্পেশাল-৪ দেওয়ানগঞ্জ থেকে বিকেল সাড়ে ৪টায় ছেড়ে রাত ১০টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

অন্যদিকে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে মুসল্লিদের যাতায়াত নিশ্চিত করতে ঈদের দিন চার জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। ভৈরববাজার-কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে চলাচলকারী এসব ট্রেনের মাধ্যমে মুসল্লিরা সহজেই ঈদের জামাতে অংশ নিতে পারবেন।

রেল কর্তৃপক্ষ আশা করছে, বিশেষ ট্রেন চালুর ফলে ঈদযাত্রায় যাত্রীদের চাপ কমবে এবং নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত হবে।