ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ
ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন এবং ঐতিহাসিক ধরার খালের পুনঃখনন কাজের উদ্বোধনে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে যাত্রা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তিনি সড়কপথে সফরসঙ্গীদের নিয়ে রওনা হন বলে বিএনপি প্রেস উইংয়ের বরাতে জানা গেছে।

দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশাল-এ জাতীয় পর্যায়ে বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হচ্ছে নজরুলের জন্মবার্ষিকী। আগামী সোমবার (২৫ মে) আনুষ্ঠানিক জন্মদিন হলেও ঈদুল আজহার দীর্ঘ ছুটির কারণে এবার অনুষ্ঠানসূচি আগেভাগেই শুরু করা হয়েছে।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, শনিবার থেকেই তিন দিনব্যাপী নজরুলজয়ন্তীর বিভিন্ন সাংস্কৃতিক ও স্মরণানুষ্ঠান শুরু হচ্ছে। প্রধান অতিথি হিসেবে তারেক রহমান সরকারি নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে উদ্বোধনী বক্তব্য দেবেন বলে জানা গেছে।

ত্রিশালে অনুষ্ঠানস্থল ইতোমধ্যে নান্দনিক সাজসজ্জা, আলোকসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থায় সজ্জিত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করেছে। স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষের মধ্যেও উৎসবকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সফরসূচির অংশ হিসেবে নজরুলজয়ন্তী উদ্বোধনের আগে ত্রিশালের বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ঐতিহ্যবাহী ধরার খালের পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। স্থানীয়দের মতে, দীর্ঘদিন অবহেলিত এই খাল পুনঃখনন হলে কৃষি ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে।

উল্লেখ্য, ১৯৭৯ সালে এই ধরার খালের খনন কার্যক্রম উদ্বোধন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির যৌথ সাংগঠনিক সভায় অংশ নেবেন তারেক রহমান। সেখানে তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। সবশেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার উদ্দেশে তার ফিরে আসার কথা রয়েছে বলে জানা গেছে।