বিশ্বকাপের থিম সং নিয়ে তোপের মুখে ফিফা, ক্ষুব্ধ ফুটবল ভক্তরা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ
বিশ্বকাপের থিম সং নিয়ে তোপের মুখে ফিফা, ক্ষুব্ধ ফুটবল ভক্তরা

২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘গোলস’ প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছে ফিফা। বৃহস্পতিবার (২১ মে) গানটি প্রকাশের পর থেকেই ফুটবলপ্রেমীরা এর লিরিক, বার্তা ও উপস্থাপনাকে ঘিরে অসন্তোষ প্রকাশ করছেন।

নতুন এই গানে কণ্ঠ দিয়েছেন পপ তারকা লিসা, ব্রাজিলিয়ান গায়িকা আনিতা এবং নাইজেরিয়ান শিল্পী রেমা। ‘ট্রপকিল্যাজ’-এর প্রযোজনায় তৈরি গানটিতে কে-পপ, ল্যাটিন পপ ও আফ্রোবিটসের মিশ্রণ রাখা হয়েছে। তবে দৃষ্টিনন্দন ভিডিও ও তারকাখ্যাত শিল্পীদের অংশগ্রহণ থাকলেও গানটি ফুটবল ভক্তদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সমালোচকদের মতে, বিশ্বকাপের থিম সং সাধারণত ফুটবলের আবেগ, ঐক্য, দেশপ্রেম এবং স্টেডিয়ামের উন্মাদনাকে ধারণ করে। কিন্তু ‘গোলস’ গানে সেই আবহের পরিবর্তে ব্যক্তিগত গ্ল্যামার, বিলাসবহুল জীবনযাপন এবং অর্থনৈতিক প্রদর্শনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে অনেকে মন্তব্য করেছেন। গানের কিছু লাইন—যেমন ‘আমার শরীর, আমার ফিট, আমার বন্ধুরা’, ‘আমার গাড়ি’, কিংবা ‘ক্লাবটা কিনে নাও, আমি এটা করি গল্পের খাতিরে’—নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক ফুটবলপ্রেমী লিখেছেন, “বিশ্বকাপ মানে সারা বিশ্বের ঐক্য, কিন্তু এই গানে শুধু ব্যক্তিগত গ্ল্যামার আর ধনী জীবনযাপনের গল্পই উঠে এসেছে।”

অনেকে নতুন গানটির সঙ্গে আগের জনপ্রিয় বিশ্বকাপ থিম সংগুলোর তুলনা করছেন। বিশেষ করে ২০১০ সালের শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ এবং ২০২২ সালের জাংকুকের ‘ড্রিমার্স’-এর আবেগপূর্ণ উপস্থাপনার কথা উল্লেখ করে ভক্তরা বলছেন, ‘গোলস’ সেই মানের ধারেকাছেও পৌঁছাতে পারেনি। কেউ কেউ এটিকে ২০২২ সালের বিতর্কিত গান ‘টুকোহ টাকা’র চেয়েও দুর্বল বলে অভিহিত করেছেন।

তবে সমালোচনার মধ্যেও গানটির জনপ্রিয়তা একেবারে কম নয়। ইউটিউবে প্রকাশের পর অল্প সময়েই গানটির ভিউ ২৫ লাখ ছাড়িয়ে গেছে। ফিফা বা সংশ্লিষ্টরা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।