বাবার খনন করা খাল ৪৭ বছর পর পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৩:১০ অপরাহ্ণ
বাবার খনন করা খাল ৪৭ বছর পর পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী এই খাল পুনঃখননের মাধ্যমে এলাকায় কৃষি ও সেচ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা করা হচ্ছে।

শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে তিনি নিজ হাতে মাটি কেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় স্থানীয় সাধারণ মানুষও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল খনন কাজে অংশ নেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রান্তিক অঞ্চলের খালগুলো পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল খাল কাটা ও পুনঃখনন কর্মসূচি চালু করা। সেই ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে সকাল ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয় থেকে ত্রিশালের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে কেন্দ্র করে পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।

এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিশালে শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। আগামী সোমবার (২৫ মে) মূল জন্মজয়ন্তী অনুষ্ঠিত হলেও ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে আগেই কর্মসূচি শুরু করা হয়েছে।

উৎসবের অংশ হিসেবে নজরুলজয়ন্তী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সরকারি নজরুল একাডেমি মাঠের ঐতিহ্যবাহী নজরুল মঞ্চে বক্তব্য রাখেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো এলাকা আলোকসজ্জা, সাজসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থায় নতুন রূপ পেয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়িয়েছে। স্থানীয় শিল্পী, কবি, সাহিত্যিক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, নজরুলসংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে।

দিনের শেষভাগে বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।