বাঙ্গরায় সাজা পরোয়ানাভুক্ত মাদক কারবারি মিন্টু মিয়া গ্রেফতার


মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
বাঙ্গরায় সাজা পরোয়ানাভুক্ত মাদক কারবারি মিন্টু মিয়া গ্রেফতার

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন গাঙ্গেরকোট এলাকার সাজা পরোয়ানাভুক্ত কুখ্যাত মাদক কারবারি মোঃ মিন্টু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের জারি করা সাজা পরোয়ানার ভিত্তিতে শনিবার (২৩ মে) বিকেলে বিশেষ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মিন্টু মিয়া গাঙ্গেরকোট গ্রামের মোঃ মোর্শেদ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় তার বিরুদ্ধে গোপনে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ ছিল। তার কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মাঝে দীর্ঘদিন ধরে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছিল। পরে দায়ের হওয়া একটি মাদক মামলায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করলে তাকে গ্রেফতারে সক্রিয় হয় আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সরোয়ার হোসেন, এসআই নাজিম উদ্দীন ও এএসআই মো. আল আমিনের নেতৃত্বে বাঙ্গরা বাজার থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মিন্টু মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পরে তাকে থানায় নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, মাদক নির্মূলে বাঙ্গরা বাজার থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আদালতের জারি করা সাজা পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে পুলিশের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধে নিয়মিত অভিযান, কঠোর নজরদারি ও দ্রুত আইনি ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে প্রশাসনের ধারাবাহিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।