বাঁশখালীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান, ১৩ জনকে কারাদণ্ড


বাঁশখালী প্রতিনিধি, মোহাম্মদ ফখরুল ইসলাম প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
বাঁশখালীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান, ১৩ জনকে কারাদণ্ড

চট্টগ্রামের বাঁশখালী থানা এলাকায় মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে ১৩ জনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

শুক্রবার (২২ মে ২০২৬) বিকেল ৫টা থেকে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হকের নেতৃত্বে পুলিশের একাধিক টিম মোটরসাইকেলযোগে চাম্বল ও শীলকূপ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, বাজার ও অপরাধপ্রবণ স্থানে একযোগে অভিযান পরিচালনা করে। একই সময়ে রামদাস মুন্সীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিমও তাদের দায়িত্বাধীন এলাকায় অভিযান চালায়।

পুলিশ জানায়, চট্টগ্রামের বাঁশখালী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও জুয়ার বিস্তার রোধে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদকসেবী, মাদক ব্যবসায়ী এবং অনলাইন জুয়া ও প্রকাশ্যে জুয়ার সঙ্গে জড়িত মোট ১৩ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও জুয়া সংক্রান্ত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

অভিযান চলাকালে পুলিশের তাৎক্ষণিক ও কঠোর তৎপরতায় অপরাধীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অপরাধ নিয়ন্ত্রণে সন্তোষ প্রকাশ করেন।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে ২ থেকে ৬ মাস পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়। মাদক ও জুয়ার পৃথক অভিযোগে তাদের সাজা কার্যকর করা হয়েছে।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক বলেন, “সমাজকে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার অভিশাপ থেকে মুক্ত রাখতে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অপরাধ দমনে কোনো ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং এ কাজে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।