নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমানকে নিয়ে ‘কটূক্তি’ ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) এ কে এম আজিজুল হক খান এই নোটিশ পাঠিয়েছেন। শনিবার (২৩ মে) তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এর আগে আইনজীবী এ কে এম আজিজুল হক খান তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে পাঠানো আইনি নোটিশের অনুলিপি প্রকাশ করেন। নোটিশে উল্লেখ করা হয়, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী সম্প্রতি প্রধানমন্ত্রী ও তার কন্যাকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা দেশের অসংখ্য মানুষের অনুভূতিতে আঘাত করেছে।

নোটিশে বলা হয়, দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এ ধরনের মন্তব্য অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে যে, কেন তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।

আইনজীবী এ কে এম আজিজুল হক খান বলেন, দেশের প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি জানান, নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।