নওগাঁ আদালতের নথি চুরির ঘটনায় ডিবির অভিযানে উদ্ধার, চারজন গ্রেফতার


নওগাঁ প্রতিনিধি, আব্দুল মজিদ মল্লিক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ২:০৪ অপরাহ্ণ
নওগাঁ আদালতের নথি চুরির ঘটনায় ডিবির অভিযানে উদ্ধার, চারজন গ্রেফতার

নওগাঁর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ থেকে রায়ের অপেক্ষমাণ একটি গুরুত্বপূর্ণ মামলার নথি চুরির ঘটনায় আদালতের কর্মচারীসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযানে চুরি হওয়া মামলার নথিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ মে সন্ধ্যায় নওগাঁর জেলা ও দায়রা জজ বিষয়টি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে অবহিত করেন। যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর দায়রা মামলা নং-৯০৪/২০২২ এর রায় ঘোষণার আগেই গুরুত্বপূর্ণ নথি চুরি হয়। পরে একটি অজ্ঞাত নম্বর থেকে আদালতের এক কর্মচারীর কাছে ফোন করে নথি ফেরত দেওয়ার বিনিময়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।

ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। একপর্যায়ে অভিযান চালিয়ে রাজশাহীর বাগমারা ও নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের সিংবাচা বাজার এলাকা থেকে এস এম আকাশ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী নওগাঁ সদর ও আদমদীঘি এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— আদালতের পিয়ন পলাশ, সাপাহার সাব-জজ আদালতের পিয়ন আরিফ এবং আদালতের মুহুরী সবুজ (৪০)।

ডিবি জানায়, জিজ্ঞাসাবাদে এস এম আকাশ তার বাড়ির আঙিনায় খড়ের পালার ভেতর লুকিয়ে রাখা মামলার নথি উদ্ধার করে দেয় এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তিনি আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির নাম উল্লেখ করেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কি না এবং এর উদ্দেশ্য কী—তা উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।