
দেশের প্রচলিত আইনের আওতায় সবচেয়ে দ্রুততম সময়ে শিশু রামিসা হত্যা মামলার আসামি সোহেল রানাকে বিচারের মুখোমুখি করতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (২৩ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, শিশু রামিসা হত্যার ঘটনায় দেশজুড়ে যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে, সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি জানান, আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।
তিনি আরও বলেন, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের মতো অপরাধ নির্মূলে জনমতের ভিত্তিতে আরও কার্যকর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতার পাশাপাশি কঠোর আইন প্রয়োগের ওপরও জোর দেন তিনি।
একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জানান, বিভিন্ন পাড়া-মহল্লায় গড়ে ওঠা স্কুল-কলেজগুলো যেন সরকারি নীতিমালা মেনে পরিচালিত হয়, সে বিষয়ে নজরদারি আরও বাড়ানো হবে। অনুষ্ঠান শেষে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে তার খণ্ডিত মাথা উদ্ধার করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
ঘটনার পর প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে আদালতে তিনি শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
আপনার মতামত লিখুন :