দেশের বাজারে কমলো সোনার দাম, ভরি কত? 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ
দেশের বাজারে কমলো সোনার দাম, ভরি কত? 

ঈদুল আজহার আগে দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২১ মে সোনার দাম বাড়িয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। ওই সময়ও ভরিতে ২ হাজার ১৫৮ টাকা সমন্বয় করা হয়েছিল।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৮ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ বার দাম বেড়েছে এবং ৩২ বার কমানো হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয়ের মধ্যে ৬৪ বার বেড়েছে এবং ২৯ বার কমেছে।

অন্যদিকে সোনার দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকায়। ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হচ্ছে।