দিঘলিয়ায় বিশাল কোরবানির পশুর হাটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত


দিঘলিয়া প্রতিনিধিঃ প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
দিঘলিয়ায় বিশাল কোরবানির পশুর হাটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলায় “বিশাল কোরবানির পশুর হাট” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। দিঘলিয়া ওয়াই এম এ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ হাটে ইতোমধ্যে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে জমে উঠতে শুরু করেছে বেচাকেনা।

শুক্রবার (২২ মে) বিকেলে হাটের উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া ওয়াই এম এ ক্লাবের আহ্বায়ক ফারুক হোসেনসহ ক্লাবের সদস্যবৃন্দ, হাট কমিটির স্বেচ্ছাসেবক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজক সূত্রে জানা যায়, ২২ মে থেকে ২৮ মে সকাল পর্যন্ত চলবে এ পশুর হাট। হাটে দেশীয় ও বিভিন্ন জাতের গরু, ষাঁড়, ছাগল ও ভেড়াসহ কোরবানির পশু কেনাবেচার ব্যবস্থা রাখা হয়েছে। খুলনা, বাগেরহাট, যশোর ও সাতক্ষীরাসহ বিভিন্ন জেলা থেকে খামারি ও ব্যবসায়ীরা পশু নিয়ে আসছেন।

হাট পরিচালনা কমিটি জানায়, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক টিম, সার্বক্ষণিক নজরদারি, পরিচ্ছন্নতা কার্যক্রম, যানজট নিরসনে পৃথক পার্কিং ব্যবস্থা এবং প্রবেশপথ নিয়ন্ত্রণসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কোরবানির পশুর হাট গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। এটি খামারিদের জন্য যেমন আয়বর্ধক সুযোগ তৈরি করে, তেমনি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলে।

প্রধান অতিথির বক্তব্যে এম সাইফুর রহমান মিন্টু বলেন, খামারিদের স্বার্থ রক্ষা এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে পশু কেনাবেচা নিশ্চিত করাই হাটের মূল লক্ষ্য।

ক্রেতা ও ব্যবসায়ীরা জানান, এ বছর পশুর সরবরাহ ভালো থাকায় হাটে প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। উন্নত জাতের পশু আসায় ক্রেতাদের আগ্রহও বাড়ছে। সব মিলিয়ে দিঘলিয়ার এ কোরবানির পশুর হাটকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।