
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে তৃতীয় দিনের মতো আন্তঃনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (২৩ মে) বিক্রি করা হচ্ছে আগামী ২ জুনের ফিরতি যাত্রার টিকিট। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের ঈদ কর্মপরিকল্পনা অনুযায়ী, টিকিট বিক্রির প্রক্রিয়া সহজ ও সুশৃঙ্খল রাখতে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের ট্রেনের জন্য আলাদা সময় নির্ধারণ করা হয়েছে। সূচি অনুযায়ী, সকাল ৮টায় পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। অন্যদিকে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।
যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই টিকিট সংগ্রহ করতে পারছেন। অনলাইনে টিকিট বিক্রির ফলে স্টেশনে অতিরিক্ত ভিড় কমার পাশাপাশি টিকিট সংগ্রহ প্রক্রিয়াও অনেকটা স্বচ্ছ হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, গত ২১ মে বিক্রি করা হয়েছে ৩১ মে’র ফিরতি টিকিট এবং ২২ মে বিক্রি হয়েছে ১ জুনের টিকিট। আজ ২ জুনের টিকিট বিক্রির পর আগামীকাল ২৪ মে পাওয়া যাবে ৩ জুনের টিকিট। এছাড়া ২৫ মে বিক্রি করা হবে ৪ জুনের আন্তঃনগর ট্রেনের ফিরতি যাত্রার টিকিট।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ উপলক্ষে কেনা অগ্রিম ফিরতি টিকিট কোনো অবস্থাতেই ফেরত দেওয়া বা রিফান্ড করা যাবে না। পাশাপাশি টিকিট কালোবাজারি ঠেকাতে একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে নিজের বাইরে পরিবারের অন্য সদস্যদের জন্য টিকিট কিনতে হলে সহযাত্রীদের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।
ঈদ শেষে কর্মমুখী মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে দেশের বিভিন্ন রেলস্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে বিনা টিকিটের যাত্রীদের প্রবেশ রোধে কঠোর নজরদারি চালানো হচ্ছে বলেও জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
আপনার মতামত লিখুন :