চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত আটজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৮ জন শ্রমিক খনির মাটির নিচে আটকা পড়েছেন। নিখোঁজদের উদ্ধারে খনির ভেতরে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া নিউজ এজেন্সি-এর প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শানসি প্রদেশের চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় খনির ভেতরে অন্তত ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। শনিবার (২৩ মে) সকাল ৬টার মধ্যে খনির ভেতর থেকে প্রায় ২০০ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো ৩৮ জন শ্রমিক মাটির নিচে আটকা পড়ে আছেন। তাদের জীবিত উদ্ধারে উদ্ধারকর্মীরা নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।

ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শি জিনপিং। তিনি নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং দায়ীদের দ্রুত জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন। ইতোমধ্যে ঘটনার তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শানসি প্রদেশ চীনের অন্যতম প্রধান কয়লা উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত। আয়তনের দিক থেকে ইউরোপের দেশ গ্রীস-এর চেয়েও বড় এই প্রদেশে প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষের বসবাস। গত বছর শানসি থেকে প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন টন কয়লা উত্তোলন করা হয়েছে, যা চীনের মোট কয়লা উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ।

তবে দীর্ঘদিন ধরেই শানসি প্রদেশের খনি শিল্পে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও শ্রমিক সংগঠনগুলোর মতে, লাভ বাড়ানোর প্রতিযোগিতায় অনেক খনি মালিক নিরাপত্তা বিধি উপেক্ষা করেন। ফলে প্রায়ই ছোট-বড় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে, যা শ্রমিকদের জীবনের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।