গণপরিবহন চালকদের জন্য সতর্কবার্তা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ
গণপরিবহন চালকদের জন্য সতর্কবার্তা

গণপরিবহন চালকদের কর্মঘণ্টা মেনে চলার বিষয়ে সতর্কবার্তা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে চালকদের নির্ধারিত সময়সীমা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) বিআরটিএর সদর কার্যালয় থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। এতে বলা হয়, বিদ্যমান মোটরযান আইন ও বিধি অনুযায়ী কোনো চালক একটানা পাঁচ ঘণ্টার বেশি যানবাহন চালাতে পারবেন না। এরপর অন্তত ৩০ মিনিট বিশ্রাম নিয়ে আবার সর্বোচ্চ তিন ঘণ্টা গাড়ি চালানো যাবে। অর্থাৎ একজন চালক দিনে সর্বোচ্চ আট ঘণ্টা এবং সপ্তাহে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করতে পারবেন না।

বিআরটিএ জানায়, নির্ধারিত কর্মঘণ্টার বাইরে গিয়ে গাড়ি চালানো হলে চালকের ক্লান্তি ও অমনোযোগিতার কারণে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তাই সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে মালিক ও চালকদের এ নিয়ম কঠোরভাবে মানার আহ্বান জানানো হয়েছে।

সংস্থাটি আরও সতর্ক করে বলেছে, নির্দেশনা অমান্য করা হলে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিল এবং যানবাহনের রেজিস্ট্রেশন বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সমন্বয় রেখে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিআরটিএর এই নির্দেশনাকে সড়ক দুর্ঘটনা কমাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।