
পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়া অ্যাথলেটের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন। মার্কিন সাময়িকী ফোর্বস-এর ২০২৫ সালের প্রকাশিত তালিকায় তিনি টানা চতুর্থবার এবং সব মিলিয়ে ষষ্ঠবার শীর্ষ উপার্জনকারী ক্রীড়াবিদ হিসেবে জায়গা করে নেন।
ফোর্বসের তথ্যমতে, ২০২৫ সালে রোনালদোর মোট আয় দাঁড়িয়েছে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৬৮৮ কোটি টাকার বেশি। এর মধ্যে মাঠে খেলা থেকে তিনি আয় করেছেন ২২৫ মিলিয়ন ডলার এবং মাঠের বাইরের বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম, বিজ্ঞাপন ও স্পন্সরশিপ থেকে এসেছে আরও ৬৫ মিলিয়ন ডলার।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর বক্সিং তারকা ক্যানেলো আলভারেজ। তিনি ২০২৫ সালে মোট ১৭০ মিলিয়ন ডলার আয় করেছেন, যার বড় অংশ এসেছে রিংয়ে লড়াই থেকে এবং বাকি অংশ এসেছে বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম থেকে।
তৃতীয় স্থানে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। তার মোট আয় ১৪০ মিলিয়ন ডলার, যার সমান অংশ এসেছে মাঠের পারফরম্যান্স এবং ব্র্যান্ড ও স্পন্সরশিপ চুক্তি থেকে।
শীর্ষ ১০ আয়কারী ক্রীড়াবিদের তালিকায় আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা লেব্রন জেমস, জাপানের বেসবল তারকা শোহেই ওহতানি, স্টিফেন কুরি, গলফার জন রাম, সাবেক ফুটবলার করিম বেনজেমা, কেভিন ডুরান্ট এবং ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টন।
ফোর্বসের এই তালিকা আবারও দেখিয়েছে, আধুনিক ক্রীড়াজগতে শুধু মাঠের পারফরম্যান্স নয়, ব্র্যান্ড ভ্যালু, বিজ্ঞাপন ও বাণিজ্যিক জনপ্রিয়তাও অ্যাথলেটদের আয়ের বড় উৎস হয়ে উঠেছে।
আপনার মতামত লিখুন :