কুষ্টিয়ার খোকসায় বাস–ডাম্পট্রাক মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৩


মিরপুর উপজেলা প্রতিনিধি,আশিক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ২:১১ অপরাহ্ণ
কুষ্টিয়ার খোকসায় বাস–ডাম্পট্রাক মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৩

কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া–রাজবাড়ী মহাসড়কের খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস ও রাজবাড়ীগামী বালুভর্তি ডাম্পট্রাকের মধ্যে সংঘর্ষ হলে মুহূর্তেই ঘটনাস্থল রক্তাক্ত হয়ে ওঠে।

ঘটনাস্থলেই নাবিল হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি খোকসার কমলাপুর এলাকার জুনাইয়েদ হোসেনের ছেলে। নিহত অপর একজন নারী ও এক পুরুষের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নারীর মৃত্যু হয়।

খোকসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুল হক জানান, দুর্ঘটনার পর বেলা ১২টার দিকে ২০ জন আহত অবস্থায় হাসপাতালে আসে। তাদের মধ্যে গুরুতর আহত ১১ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাসেল বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহতের তথ্য নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।