এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানার সর্বোচ্চ শাস্তি দ্রুত নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালের নজরুল মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

তারেক রহমান বলেন, দেশে শিশু ও নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, “রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে। সেই সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড, যাতে ভবিষ্যতে কেউ আর এভাবে শিশু বা নারী নির্যাতনের সাহস না পায়।”

তিনি জোর দিয়ে বলেন, বিচার প্রক্রিয়া অবশ্যই প্রচলিত আইনি কাঠামোর মধ্য দিয়েই সম্পন্ন হবে এবং এখানে কোনো ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক ছাড় দেওয়া হবে না। সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ঘটনার পর থেকেই সাধারণ মানুষ দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছে। সরকারি ও রাজনৈতিক পর্যায় থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং তদন্ত দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।