
মাদারীপুরের শিবচর উপজেলার উৎরাইল এলাকায় আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত ‘লিটন চৌধুরী সেতু’ উদ্বোধনের দুই বছর না যেতেই নানা সমস্যায় ভুগছে। সেতুর অধিকাংশ বৈদ্যুতিক বাতি নষ্ট হয়ে যাওয়ায় সন্ধ্যার পর পুরো সেতু এলাকা অন্ধকারে ঢেকে যাচ্ছে। পাশাপাশি সামান্য বৃষ্টিতেই সেতুর ওপর পানি জমে সৃষ্টি হচ্ছে চরম ভোগান্তি।
স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত আলো না থাকায় রাতের বেলায় সেতু দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে মোটরসাইকেল ও ছোট যানবাহনের চালকরা দুর্ঘটনার শঙ্কা নিয়ে চলাচল করছেন। পথচারীরাও অনেক সময় নিরাপত্তাহীনতায় ভোগেন।
একাধিক বাসিন্দা বলেন, “এতো কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতুর এমন অবস্থা অত্যন্ত দুঃখজনক। দ্রুত বাতিগুলো মেরামত ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা জরুরি।”
জানা গেছে, ৫৫০ মিটার দৈর্ঘ্য ও ৯ দশমিক ৮০ মিটার প্রস্থের এই সেতুটি প্রায় ৯৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়। ২০১৯ সালের ১২ ডিসেম্বর এর নির্মাণকাজ শুরু হয়ে পরবর্তীতে এটি উদ্বোধন করা হয়।
বর্তমানে বাতি বিকল হয়ে পড়া এবং বৃষ্টির সময় পানি জমে থাকার কারণে প্রতিদিন হাজারো মানুষ দুর্ভোগে পড়ছেন। দ্রুত সমস্যাগুলোর সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :