উড়োজাহাজের জ্বালানির নতুন দাম ঘোষণা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
উড়োজাহাজের জ্বালানির নতুন দাম ঘোষণা

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতে থাকায় দেশে আবারও উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। চলতি মাসে এটি দ্বিতীয় দফা মূল্য হ্রাস।

শনিবার (২৩ মে) এক বিজ্ঞপ্তিতে বিইআরসি এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের দামের উল্লেখযোগ্য পরিবর্তনের কারণে দেশের বাজারেও মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দাম শনিবার রাত ১২টার পর থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

নতুন নির্ধারিত দামে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬৫ টাকা ৮৮ পয়সা। আর আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ০৮২৩ মার্কিন ডলার।

এর আগে গত ৭ মে বিইআরসি অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০৫ টাকা ৪৫ পয়সা এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ১ দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করেছিল। সেই হিসাবে এবার অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটারে ৩৯ টাকা ৫৭ পয়সা এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে দশমিক ২৫৬ ডলার দাম কমানো হয়েছে।

চলতি মাসের শুরুতেও জেট ফুয়েলের দাম এক দফা কমানো হয়েছিল। তখন প্রতি লিটারে ২১ টাকা ৬৩ পয়সা কমানো হয়। তবে এর আগে মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতির প্রভাবে মার্চ মাসে দুই দফায় মোট ১০৭ টাকা এবং এপ্রিল মাসে আরও ২৪ টাকা ৭৯ পয়সা বাড়ানো হয়েছিল।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার প্রভাব দেশের বিমান পরিবহন খাতেও সরাসরি পড়ে। জেট ফুয়েলের দাম কমায় এয়ারলাইন্সগুলোর পরিচালন ব্যয় কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।