আ. লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
আ. লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শনিবার (২৩ মে) ফেসবুক পোস্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার রাজনৈতিক ও পেশাগত সহকর্মী এ শ ম রেজাউল করিম।

শোকবার্তায় তিনি লেখেন, ইউসুফ হোসেন হুমায়ুন ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান এবং বরিশাল জেলা আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত সভাপতি। তিনি বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি ১/১১ সরকারের সময় গ্রেপ্তার হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং উপদেষ্টামণ্ডলীর গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেও যুক্ত ছিলেন।

ফেসবুক পোস্টে আরও জানানো হয়, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন, আইনজীবী সমাজ এবং সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।