আন্তর্জাতিক গুম সপ্তাহে সাতক্ষীরায় মানববন্ধন, গুম হওয়াদের সন্ধানের দাবি


বরুণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক গুম সপ্তাহে সাতক্ষীরায় মানববন্ধন, গুম হওয়াদের সন্ধানের দাবি

আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণ ও তাদের সন্ধানের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাতক্ষীরা–আশাশুনি সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ‘অধিকার’-এর সাতক্ষীরা সমন্বয়ক মো. মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ফিরোজ হোসেন। এতে বক্তব্য দেন গুমের শিকার ডা. মোখলেছুর রহমানের পিতা শেখ আব্দুর রাশেদ, সাংবাদিক জিল্লুর রহমান, শাহজাহান আলী মিটন, আব্দুল আলিম, গুম থেকে ফিরে আসা মো. টিপু সুলতান, সামিউলসহ অনেকে।

বক্তারা বলেন, বিগত সময় সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে বহু মানুষ গুমের শিকার হলেও দীর্ঘ সময় পার হয়ে গেলেও তাদের সন্ধান পাওয়া যায়নি। তারা অভিযোগ করেন, গুম হওয়া ব্যক্তিদের উদ্ধার ও পরিবারগুলোর পাশে দাঁড়াতে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।

তারা অবিলম্বে গুমের শিকার ব্যক্তিদের সন্ধান, দায়ীদের বিচার এবং গুম কমিশন আইন বাস্তবায়নের দাবি জানান।

মানববন্ধনে ২০১৬ সালে সাতক্ষীরা সদর থানায় গুমের শিকার ডা. মোখলেছুর রহমানের পিতা শেখ আব্দুর রাশেদ বলেন, গ্রেপ্তারের পর থানার লকাপে থাকা অবস্থায় তার ছেলেকে তিন দিন খাবার দেওয়া হলেও পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তিনি। পাশাপাশি গুম হওয়া পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদানেরও আহ্বান জানান।