আত্রাইয়ে ঈদুল আজহা উপলক্ষে পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ অনুষ্ঠিত


আত্রাই উপজেলা প্রতিনিধি, ​আব্দুল মজিদ মল্লিক  প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ
আত্রাইয়ে ঈদুল আজহা উপলক্ষে পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে পবিত্র ঈদুল আজহা সামনে রেখে পশু জবাই এবং কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক। কর্মশালায় বক্তারা নির্দিষ্ট স্থানে পশু জবাই, দ্রুত বর্জ্য অপসারণ এবং চামড়া নষ্ট না করে সঠিকভাবে লবণ দিয়ে সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে মো. নূরে আলম সিদ্দিক বলেন, কোরবানি একটি পবিত্র ধর্মীয় উৎসব হলেও এর পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং দেশের মূল্যবান অর্থনৈতিক সম্পদ চামড়া সঠিকভাবে সংরক্ষণ করা নাগরিক দায়িত্ব। তিনি বলেন, অসচেতনতার কারণে প্রতি বছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়, যা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর।

তিনি আরও বলেন, সবাই সচেতন হলে পরিবেশ দূষণ কমবে এবং চামড়া শিল্পের অপচয় রোধ করা সম্ভব হবে। ঈদুল আজহা সুষ্ঠুভাবে উদযাপনের জন্য তিনি উপজেলা সর্বস্তরের মানুষ, ইমাম-ওলামা সমাজ ও ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু আনাছ, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন, সিনিয়র সহ-সভাপতি মো. মুজাহিদ খাঁন, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় ওলামা পরিষদের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।